নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক
ছবি: সংগৃহীত
০৭:৫২ পিএম | ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের ৪৮৯টি উপজেলায় প্রায় ৩৭ হাজার বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইস ক্যাম্প পরিদর্শন করে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
প্রেস বিজ্ঞপিতে আরো জানানো হয়, সীমান্তবর্তী ৬১ উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এ ছাড়া সারা দেশে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব করবে।
জরুরি পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স, র্যাপিড একশন টিম, বিশেষায়িত ডগ স্কোয়াড, ড্রোন ও বডি অন ক্যামেরার ব্যবস্থাও রাখা হয়েছে বলেও জানানো হয়।
বিজিবির মহাপরিচালক বেইসক্যাম্পের দায়িত্বরত সদস্যদের সাথে মতবিনিময় করেন। এরপর নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সাথে বিশেষ সভা করেন। সভা শেষে তিনি বুড়াবুড়ি এলাকায় বিজিবি সোলার পাওয়ার প্রজেক্টের জন্য বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের নির্ধারিত এলাকা ও গোয়ালগছ বিওপি ক্যাম্প পরিদর্শন করেন।
এবি/টিকে
এবি/টিকে