মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর
ছবি: সংগৃহীত
০৫:১০ এএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ করে কম্পন অনুভূত হলে দুই জেলার বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘুম থেকে জেগে ওঠেন, কেউ কেউ নিরাপত্তার জন্য ঘর থেকে বাইরে বের হয়ে আসেন।
ঠাকুরগাঁও শহরের গোয়াল পাড়া এলাকার স্থানীয় সাগর, সুমন ও নিরব গণমাধ্যমকে জানান, কয়েক সেকেন্ডের জন্য ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে ওঠে। রাতের নীরবতায় কম্পনটি স্পষ্টভাবে অনুভূত হওয়ায় অনেকেই প্রথমে বিষয়টি বুঝে উঠতে পারেননি। পরে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে তারা ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত হন। তবে ভূমিকম্পের স্থায়িত্ব ছিল অল্প সময়ের, ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই একই সময়ে কম্পন অনুভবের কথা উল্লেখ করে পোস্ট দেন। কেউ কেউ আতঙ্কের অভিজ্ঞতা শেয়ার করেন, আবার অনেকে বিভিন্ন এলাকায় কম্পনের তীব্রতা নিয়ে মন্তব্য করেন।
ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রানীশংকৈল ও বালিয়াডাঙ্গীসহভজেলার বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানা গেছে। একইভাবে পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের কয়েকটি এলাকাতেও কম্পন টের পাওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয় নেটিজেনরা। তবে কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পিএ/টিএ