দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতির জীবনে ফের আইনি ধাক্কা। আয়কর ফাঁকির অভিযোগ ঘিরে দীর্ঘদিনের মামলায় মাদ্রাজ উচ্চ আদালত বহাল রাখল দেড় কোটি টাকার জরিমানা। কয়েক দিন আগেই তাঁর অভিনীত নতুন ছবির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, তার রেশ কাটতে না কাটতেই আদালতের এই রায় ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে বিনোদন ও রাজনৈতিক মহলে।
অভিযোগের সূত্র ২০১৫-১৬ অর্থবর্ষ। আয়কর দপ্তরের দাবি, সে সময় প্রায় পনেরো কোটি টাকার আয় গোপন করেছিলেন অভিনেতা। সেই অভিযোগের ভিত্তিতেই ২০১৮ সালে জরিমানা ধার্য করা হয়। পরে ২০২২ সালে সেই জরিমানার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন বিজয়। তাঁর যুক্তি ছিল, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর জরিমানা করা হয়েছে, যা আইনি দিক থেকে গ্রহণযোগ্য নয়।
তবে বিচারপতির পর্যবেক্ষণে স্পষ্ট হয়, আয়কর দপ্তর আইন মেনেই যথাসময়ে নোটিস পাঠিয়েছিল। আদালতের মতে, পুরো প্রক্রিয়ায় কোনও ত্রুটি নেই এবং জরিমানা বহাল রাখার সিদ্ধান্তই সঠিক। ফলে এখন ওই অর্থ আদায়ে দপ্তরের সামনে আর কোনও আইনি বাধা রইল না।
তবে পুরো দরজা একেবারে বন্ধ হয়নি অভিনেতার জন্য। আদালত জানিয়েছে, চাইলে তিনি আয়কর আপিল কর্তৃপক্ষের কাছে নতুন যুক্তি নিয়ে আবেদন করতে পারেন। যদিও সময়সীমা সংক্রান্ত যুক্তি আর তোলা যাবে না। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত করার প্রস্তুতির মাঝে এই আইনি ধাক্কা বিজয়ের ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই এখন জোর আলোচনা।
পিআর/টিকে