বলিউডে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি একটি প্রচারণামূলক অনুষ্ঠানে ডন ৩ ও কৃষ ৪ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রিয়াঙ্কা সরাসরি কিছু না বলে কৌশলী জবাব দেন-তিনি নাকি এই প্রকল্পগুলো নিয়ে এখনই কিছু বলতে নিশ্চিত নন। না স্বীকার, না অস্বীকার—এই এক বাক্যই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে জল্পনার ঝড় তোলে।
জল্পনায় ঘি ঢালে আরও কয়েকটি ঘটনা। দক্ষিণের তারকা মহেশ বাবুর একটি মজার ইঙ্গিতপূর্ণ মন্তব্য—“কিছু একটা হয়তো ঘটছে”—ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। একই সঙ্গে শোনা যাচ্ছে, কৃষ ৪ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে নাকি প্রিয়াঙ্কার সঙ্গে সাক্ষাৎ করেছেন হৃতিক রোশন। যদিও এখনো পর্যন্ত নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু দীর্ঘদিন ধরে বিলম্বে থাকা এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।
অন্যদিকে ডন ৩–এর অনিশ্চয়তার তুলনায় কৃষ ৪ যেন কিছুটা বেশি সক্রিয় বলেই মনে করছেন অনেকে। ফলে ভক্তদের প্রত্যাশা আরও জোরালো হলেও, প্রিয়াঙ্কা চোপড়ার প্রত্যাবর্তন আপাতত রয়ে গেছে কেবল সম্ভাবনার গণ্ডিতেই।
এবি/টিকে