এআই দিয়ে তাসরিফের কণ্ঠ নকল, আইনি পদক্ষেপের প্রস্তুতি
ছবি: সংগৃহীত
০৯:৪১ পিএম | ০৬ অক্টোবর, ২০২৬
এআই দিয়ে কণ্ঠ নকল করে তার কনসার্টের ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি গান। এরপর সেই অডিও-ভিজ্যুয়াল ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে এবার সরব হয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। তার অভিযোগ, অনুমতি ছাড়াই ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামে তৈরি করা ওই ভিডিওতে তার কণ্ঠ ও কনসার্টের ফুটেজ ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, তাকে হয়রানি ও বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এটি করা হয়েছে বলে দাবি তার।
মঙ্গলবার (৬ অক্টোবর) তাসরিফ জানান, ভাইরাল হওয়া গানটি এআই দিয়ে তৈরি বলেই তিনি প্রায় নিশ্চিত। এ ঘটনায় শিগগির আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সম্ভবত আজ অথবা আগামীকাল সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান এই সংগীতশিল্পী।
তাসরিফ বলেন, ‘আমি ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত যে গানটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি কারও প্রকৃত কম্পোজিশন হতে পারে না।’
তার দাবি, কনসার্টের ভিডিও ফুটেজ সংগ্রহ করে এআইয়ের মাধ্যমে ওই গান ও অডিও-ভিজ্যুয়াল তৈরি করা হয়েছে। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিছক বিনোদনের জন্য নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করার চেষ্টা বলেই মনে করছেন তিনি।
শুধু নিজের ছবি ও ভিডিও ব্যবহারের বিষয়টিই নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে বলে অভিযোগ করেছেন তাসরিফ। তার দাবি, ভিডিওতে সরকারকে নিয়ে মানহানিকর মন্তব্যের সঙ্গে তার ছবি ও কনসার্টের ফুটেজ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সরকার ও তাকে একই সঙ্গে বিতর্কের মধ্যে ফেলার চেষ্টা করা হয়েছে বলে মনে করেন তিনি।
তাসরিফের ভাষায়, ‘মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে। এতে সরকারকে হেয় করা হচ্ছে, আবার আমার ছবি ব্যবহার করে আমাকেও এর সঙ্গে জড়ানো হচ্ছে।’
শুরুতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তাসরিফ। পরে দেখতে পান, সামাজিক যোগাযোগমাধ্যমের শতাধিক পেজে ভিডিওটি পুনরায় আপলোড করা হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের কথা ভাবছেন তিনি।
তাসরিফ জানান, ভিডিওটি সরিয়ে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলিত কনটেন্ট রিপোর্টিং ব্যবস্থার ওপর নির্ভর করার চেষ্টা করেছিলেন। কিন্তু বিপুলসংখ্যক পেজে ছড়িয়ে পড়ায় সেই প্রক্রিয়া কার্যকরভাবে কাজ করছে না।
এ অবস্থায় ভিডিওটির প্রচার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তাসরিফ। তাই শিগগির জিডি করার পাশাপাশি বিষয়টি আইনগতভাবে মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এআই প্রযুক্তি ব্যবহার করে কারও কণ্ঠ, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই বিতর্কের মধ্যেই নিজের অভিজ্ঞতার কথা জানালেন তাসরিফ খান।
এসএ/এসএন