নেটফ্লিক্সে নতুন রেকর্ড গড়েছে ইমরান হাশমি অভিনীত ওয়েব সিরিজ ‘তস্করি : দ্য স্মাগলার টাইম’। মুক্তির মাত্র ১২ দিনের মধ্যেই সিরিজটি পেয়েছে ৫ কোটির বেশি ভিউ, যা দর্শকদের নজর কাড়ার পাশাপাশি আন্তর্জাতিক তালিকাতেও জায়গা করে দিয়েছে।
নেটফ্লিক্সের নিজস্ব ডেটা প্ল্যাটফর্ম টুডুম-এর তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে ‘তস্করি’ দেখা হয়েছে প্রায় ৫৪ লাখ বার। এর ফলে কোরিয়ান রোমান্টিক কমেডি সিরিজ ‘ক্যান দিস লাভ বি ট্রান্সলেটেড?’-কে পেছনে ফেলে নন-ইংলিশ সিরিজের বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এই ভারতীয় সিরিজটি।
ওই কোরিয়ান সিরিজটি একই সময়ে ভিউ পেয়েছে প্রায় ৪০ লাখ।
এমন সাফল্যের মাধ্যমে ‘তস্করি’ প্রথম ভারতীয় সিরিজ হিসেবে নেটফ্লিক্সের গ্লোবাল নন-ইংলিশ টপ লিস্টে শীর্ষে ওঠার নজিরও গড়েছে, যা ভারতীয় কনটেন্টের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
সিরিজটির গল্প আবর্তিত হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা, সেখানকার কর্মীদের দায়িত্ববোধ এবং চোরাচালান চক্রকে ঘিরে। বাস্তবধর্মী এই প্রেক্ষাপট দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।
সিরিজের সাফল্য নিয়ে ইমরান হাশমি বলেন, “আমরা খুব আন্তরিকভাবে এই সিরিজটি তৈরি করেছি। বিমানবন্দরে কাজ করা কর্মকর্তাদের জীবন আমাদের কাছে দারুণ আকর্ষণীয় লেগেছে। নেটফ্লিক্সের গ্লোবাল নন-ইংলিশ তালিকায় এক নম্বরে ওঠা প্রথম ভারতীয় সিরিজ হওয়া সত্যিই গর্বের। পুরো টিমের পরিশ্রম আর দর্শকদের ভালোবাসা ছাড়া এটা সম্ভব হতো না।
বিপুল দর্শকপ্রিয়তা পেলেও সমালোচকদের একাংশ সিরিজটিকে মাঝারি মানের বলে মূল্যায়ন করেছেন। তবুও সবকিছু মিলিয়ে বলা যায়, ভিউ আর আলোচনার দিক থেকে ‘তস্করি’ এখন নেটফ্লিক্সের অন্যতম আলোচিত ভারতীয় সিরিজ।
এমকে/এসএন