‘হ্যাঁ’ ভোট দিলে আধিপত্যবাদের কবর হবে, ফ্যাসিবাদ আর ফিরে আসবে না বলে মন্তব্য করছেন ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কাহালু স্টেশন বাজারে বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজের নির্বাচনী ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শিবির সভাপতি আরও বলেন, একটি বড় রাজনৈতিক দল ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পেইনিং করছে। তবে বাস্তবতা হচ্ছে তারা ‘হ্যাঁ’ ভোটের স্লোগানের পক্ষে প্রচারণা চালালেও তাদের কথার সঙ্গে কাজের মিল নেই। মুনাফিকি কথাবার্তা দিয়ে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করা তাদের পুরোনো অভ্যাস। একবারও তারা কথা রাখেনি, এখন আবার নতুন করে ভণ্ডামি শুরু করেছে। তাদের দশ বছরের শাসনামল বাংলাদেশ দেখেছে। সেই সময় দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানানো হয়েছিল।
তিনি বলেন, হাওয়া ভবনের নামে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। যারা নিজেরাই দুর্নীতির ইতিহাস গড়েছে, তারা যখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলে তখন শয়তানও হাসে। বিড়ালের কাছে মাছ পাহারা দেয়ার দরকার নেই, শিয়ালের হাতে মুরগি তুলে দেয়ারও প্রয়োজন নেই। তাই আবেগ নয়, সচেতন হোন।
এ সময় শিবির সভাপতি জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারের নানান দিক নিয়েও আলোচনা করেন।
এসএস/এসএন