জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘অনেকে ধানের শীষের মিছিল নিয়ে যাবে ভোটকেন্দ্রে। কিন্তু ভোট দেবে দাঁড়িপাল্লা বা শাপলা কলিতে। সুতরাং তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় কুমিল্লা-৪ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কোনও রাজনৈতিক দলের পুলিশ হবেন না। আপনারা বাংলাদেশের গর্বিত পুলিশ হন। আমরা আপনাদের নিরাপত্তা দিবো।’
এনসিপির যশোরের প্রধান সমন্বয়ক নুরুজ্জামানের সভাপতিত্বে নির্বাচনি পথ সভায় হাসনাত আবদুল্লাহ আরও বলেন, একটি দলের প্রধান মুখে হ্যাঁ ভোটের কথা বলছেন। আর তার কর্মীরা না এর পক্ষে প্রচার করছে। তারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। নাম সর্বস্ব পর্যবেক্ষক যোগাড় করে ভোট কারচুপি করার চেষ্টা করছে। তাদের ষড়যন্ত্র বানচাল করতে ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর-৩ (সদর) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল কাদের, এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসএস/এসএন