জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর পূর্ণ হলো আজ। ২০২৪ সালের এই দিনেই না-ফেরার দেশে পাড়ি জমান গুণী এই অভিনয়শিল্পী। হঠাৎ করেই থেমে যায় তার দীর্ঘ অভিনয়যাত্রা, স্তব্ধ হয়ে যায় ভক্ত-সহকর্মীদের হৃদয়।
সেদিন নূরুল আলম আতিক পরিচালিত নিজের অভিনীত চলচ্চিত্র ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ারে যোগ দিতে বাসা থেকে বেরিয়েছিলেন তিনি। বসুন্ধরা শপিং মলের বেইজমেন্টে গাড়ি থেকে নামার পর আচমকাই অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৯৬৮ সালে চাঁপাইনবাবগঞ্জে জন্ম হলেও তার বেড়ে ওঠা ঢাকাতেই। পরিবারসহ দীর্ঘদিন গাজীপুরে বসবাস করেছেন তিনি। ছোট পর্দায় তার অভিনয়যাত্রা শুরু গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’ নাটকের মাধ্যমে। পরে হুমায়ূন আহমেদের ‘পোকা’ নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। একই নির্মাতার ‘বৃক্ষমানব’ নাটক তাকে সব শ্রেণির দর্শকের কাছে পরিচিত মুখে পরিণত করে।
নাটকের গণ্ডি পেরিয়ে বড় পর্দাতেও শক্ত উপস্থিতি ছিল আহমেদ রুবেলের। ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘মেঘলা আকাশ’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘শ্যামল ছায়া’, ‘অলাতচক্র’ ও ‘লাল মোরগের ঝুঁটি’সহ একাধিক চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে তিনি নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে নেন। অভিনয়ের প্রতি নিষ্ঠা আর পরিমিত সংলাপ উচ্চারণই তাকে আলাদা মর্যাদা এনে দেয়, যা আজও দর্শকের স্মৃতিতে অমলিন।
কেএন/এসএন