জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। শীতের শুরু থেকেই শুষ্ক আবহাওয়ার কারণে বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথমদিকেই থাকছে রাজধানী ঢাকা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশে ঢাকা। শহরটির বায়ুমানে স্কোর ২৪৩। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এদিকে, তালিকার শীর্ষে থাকা মিশরের কায়রোর স্কোর ২৪৬। এই শহরের বায়ুমানের স্কোরও ‘খুব অস্বাস্থ্যকর’। একই সময়ে আরও তিনটি দেশের বায়ুমানের স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। এর মধ্যে তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২২৩, চতুর্থ অবস্থানে থাকা ভারতের কোলকাতার স্কোর ২১০, পঞ্চম অবস্থানে থাকা মঙ্গোলিয়ার উলানবাটরের স্কোর ২০৪।
এছাড়া পাকিস্তানের আরেকটি শহর করাচি ১৯১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে। ভারতের মুম্বাই ১৮৫ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে আর একই স্কোর অষ্টম অবস্থানে রয়েছে দেশটির আরেকটি শহর দিল্লি।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
কেএন/এসএন