বিসিএসে বাদ পড়া আরো ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
ছবি: সংগৃহীত
১০:৩৯ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
৪৯তম (বিশেষ) বিসিএসে বাদ পড়া আরো ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার (৫ অক্টোবর) রাতে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ২ অক্টোবর ৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছিলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারো প্রতি বৈষম্য করা হবে না। তবে নিয়োগের আগে পুলিশ যাচাই একটি নিয়মিত প্রক্রিয়া। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর বাকি প্রার্থীদের প্রজ্ঞাপন জারি করা হবে।
বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন আগামী সোমবার হবে বলে জানান তিনি।
আজ ৪০ জনকে নিয়োগ দিয়ে এই বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ৬ জনকে বাদ দেওয়া হয়েছে।
২ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রথমে ৬৬৮ জনকে সুপারিশ করার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও প্রকৃত সংখ্যা ৬৬৫ জন।
প্রয়োজনীয় সনদ জমা দিতে না পারায় তিনজন প্রার্থীর সুপারিশ চূড়ান্ত করা যায়নি।
কেএন/টিএ