© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা!

শেয়ার করুন:
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৫ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের আলোচনায় হঠাৎ করেই আবারও উঠে এসেছে অক্ষয় খান্নার নাম। দীর্ঘদিন ধরেই তিনি অভিনয়ের জগতে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন, কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই থেকেছেন আড়ালে। একা থাকতেই স্বচ্ছন্দ এই অভিনেতা বহুবারই জানিয়েছেন, বিয়ে বা সংসারের দায় তিনি নিতে চান না। অথচ তাঁর এই নির্লিপ্ত স্বভাবই একসময় ভেঙে দিতে চেয়েছিলেন বলিউডের বিতর্কিত কিন্তু প্রতিভাবান অভিনেত্রী কঙ্গনা রনৌত।

কয়েক বছর আগে এক টেলিভিশন আড্ডা অনুষ্ঠানে নিজের মনের কথা অকপটে স্বীকার করেছিলেন কঙ্গনা। জানিয়েছিলেন, অক্ষয় খান্নার প্রতি তাঁর আলাদা আকর্ষণ ছিল। এমনকি একসঙ্গে কাজ করার সময় একাধিকবার কথাবার্তা বলার চেষ্টা করেছিলেন তিনি। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেমের প্রস্তাব ধীরে ধীরে এগোতে চেয়েছিলেন কঙ্গনা। কিন্তু সেই চেষ্টার কোনওটাই সফল হয়নি। কঙ্গনার কথায়, অক্ষয় শুধু তাঁর সঙ্গেই নয়, সেটে প্রায় কারও সঙ্গেই তেমন কথা বলতেন না। যেন নিজস্ব এক জগতে গুটিয়ে থাকতেন তিনি।



অক্ষয় খান্নার ক্যারিয়ারে একসময় নায়ক চরিত্রে একের পর এক ছবি থাকলেও কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়নি। পরবর্তীতে একটি বহুল আলোচিত ছবির মাধ্যমে তাঁর অভিনয় নতুন করে প্রশংসিত হলে আবার আলোয় আসেন তিনি। তবুও ব্যক্তিগত জীবন নিয়ে কোনও উচ্ছ্বাস নেই অভিনেতার মধ্যে। বরং একাকিত্বকেই তিনি বেছে নিয়েছেন স্বেচ্ছায়। বিয়ে প্রসঙ্গে বরাবরই তাঁর মত স্পষ্ট সম্পর্ক সুন্দর, কিন্তু সেই বন্ধনে নিজেকে জড়াতে চান না।

অন্যদিকে কঙ্গনা রনৌতের প্রেমজীবন বরাবরই আলোচনায় থেকেছে। একাধিক সহঅভিনেতার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও কোনও সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। সেই তালিকায় অক্ষয় খান্নার নাম যুক্ত হলেও বাস্তবে তা কখনও প্রেমে রূপ নেয়নি। একতরফা অনুরাগ আর নির্লিপ্ত নীরবতার এই গল্পই এখন নতুন করে বিনোদন দুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু।


পিআর/এসএন



মন্তব্য করুন