© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত?

শেয়ার করুন:
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩২ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের পর্দায় যাঁর উপস্থিতি মানেই গম্ভীর চোখ, সংযত সংলাপ আর শক্তিশালী অভিনয় সেই জয়দীপ আহলাওয়াতের ব্যক্তিজীবনের এক ভিন্ন দিক সম্প্রতি সামনে এসেছে। পর্দার পরিমিত অভিনেতা বাস্তবে নিজের রাগ সামলাতে যে কতটা লড়াই করেন, সে কথাই অকপটে স্বীকার করেছেন তিনি। জনপ্রিয়তার চূড়ায় পৌঁছেও অতীতের ভুল ভুলে যাননি জয়দীপ, বরং সেগুলোকেই মনে করিয়ে দিয়েছেন নিজের বেড়ে ওঠার গল্পে।

অভিনয়ের জগতে তাঁর পরিচিতি বহুদিনের। বিভিন্ন চলচ্চিত্র ও ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এক সময় একটি জনপ্রিয় রহস্যধর্মী ধারাবাহিকের চরিত্র তাঁকে ঘরে ঘরে পৌঁছে দেয়। তবে এই সাফল্যের আড়ালে ছিল কঠিন সংগ্রাম, ছিল ভাষাগত বাধা আর আত্মবিশ্বাসের টানাপোড়েন। মুম্বইয়ে প্রথম দিকের দিনগুলোতে স্থানীয় ভাষার টান ও উচ্চারণ তাঁকে বারবার অস্বস্তিতে ফেলেছিল। সেই অস্বস্তির সঙ্গে যোগ হয়েছিল তাঁর দ্রুত রেগে যাওয়ার স্বভাব, যা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেত।



জয়দীপ নিজেই জানিয়েছেন, রাগ উঠলে তাঁর বিবেচনাবোধ হারিয়ে যায়। আশপাশের জিনিসপত্র ভেঙে ফেলার ঘটনাও ঘটেছে অতীতে। তবে সময়ের সঙ্গে নিজেকে বদলানোর চেষ্টা করেছেন তিনি। এখন যদি বুঝতে পারেন কোনও পরিস্থিতি তাঁকে উত্তেজিত করে তুলছে, তখনই সেই স্থান ছেড়ে বেরিয়ে যান। তাঁর বিশ্বাস, সেই মুহূর্তে দূরে সরে যাওয়া ছাড়া রাগকে বশে রাখার আর কোনও উপায় নেই। এই স্বীকারোক্তিতে যেমন আছে আত্মসমালোচনা, তেমনি আছে নিজেকে নিয়ন্ত্রণে রাখার এক নীরব অঙ্গীকার।

তারকাখ্যাতির ঝলকানির আড়ালে যে মানুষটিও প্রতিদিন নিজের দুর্বলতার সঙ্গে লড়াই করেন, জয়দীপ অহলওয়াতের এই খোলামেলা স্বীকারোক্তি যেন সেই মানবিক দিকটাকেই সামনে এনে দিল।

পিআর/এসএন

মন্তব্য করুন