© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ

শেয়ার করুন:
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ এএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি নেতৃত্বাধীন জোট রাষ্ট্রক্ষমতায় এলে ভোলার সার্বিক উন্নয়ন দৃশ্যমান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ভোলার পৌর এলাকার এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, ভোলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ এই তিনটি দাবির বিষয়ে ইতোমধ্যে ডিমান্ড নোট দেওয়া হয়েছে। বিএনপি জোট ক্ষমতায় গেলে এসব দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি সাবেক মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জু ও মরহুম মোশারেফ হোসেন শাজাহানের উন্নয়নের কথা স্মরণ করে বলেন, তাদের সময়ে ভোলার উন্নয়ন ছিল চোখে পড়ার মতো। ঠিক একইভাবে জোট প্রার্থী হিসেবে নির্বাচিত হলে তার উন্নয়ন কার্যক্রমও হবে দৃশ্যমান।

আসন্ন ১২ তারিখের নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, আমি নির্বাচিত হলে ভোলায় কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ কিংবা দখলবাজের জায়গা হবে না।

তিনি আরও বলেন, ভোলার উন্নয়ন নিশ্চিত করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে গরুর গাড়ি মার্কায় ভোট দিতে হবে।

উঠান বৈঠকে ফারজানা চৌধুরী টিংকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির হাওলাদার, স্থানীয় বিএনপি নেতা লিয়াকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসএস/এসএন

মন্তব্য করুন