© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শেয়ার করুন:
বগুড়ায় জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় সারিয়াকান্দির ফুলবাড়ীতে অনুষ্ঠিত বিএনপির এক সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, বগুড়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এবং সারিয়াকান্দি উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলমের নেতৃত্বে এই যোগদান সম্পন্ন হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য, বগুড়া-১ আসনের দলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নবাগতরা বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীদের মধ্যে ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খাজা, পৌর জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ফুলবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তহসিন আলী মেম্বার, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি আবু হাসান বাবলা, জাপা নেতা রানা মিয়াসহ জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী।

নবাগতদের স্বাগত জানিয়ে সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেন, উপজেলা জাতীয় পার্টির নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, সারিয়াকান্দি ও সোনাতলায় ধানের শীষের পক্ষে গণসমর্থন তৈরি হয়েছে এবং গণতন্ত্রমনা মানুষ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন,আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে।

অন্যদিকে, সদ্য যোগদানকারী সাবেক জাপা নেতা অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এবং এখানে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। তিনি দাবি করেন, বগুড়ার উন্নয়নে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ভবিষ্যতেও তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। এ কারণেই তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, সহ-সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সুজাউদ্দৌলা সনজু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরআই/এসএন

মন্তব্য করুন