বিমানে ২০ হাজার টাকায় সৌদি থেকে দেশে ফিরতে পারবেন প্রবাসীরা: বাণিজ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত
০২:২৪ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
এবারের হজ মৌসুমে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান। টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ২০ হাজার টাকা।
রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
উপদেষ্টা বলেন, এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী রেখে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান। মাত্র ২০ হাজার টাকায় টিকিট কেটে সৌদি আরব থেকে দেশে ফেরা যাবে। এতে ১২০ কোটি টাকা বাড়তি আয় হবে বিমানের।
দায়িত্ব ছাড়ার আগেই সম্পদের বিবরণী জমা দেবেন জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, উপদেষ্টা হিসেবে সরকারি গাড়ি, বাড়ি কোনো কিছুই নেইনি। ক্ষমতার অপব্যবহারও করেনি। আমার সম্পদের বিবরণী তৈরি হয়েছে। দায়িত্ব ছাড়ার আগেই আমার সম্পদের বিবরণী জমা দিয়ে দেবো।
আইন মেনেই বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছি। আমার আগেও ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি ২৩ তম চেয়ারম্যান। আমিই একমাত্র চেয়ারম্যান না।
বিমানে ডিজিটাল জালিয়াতি রুখতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে বিমানের পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে বলেও জানান উপদেষ্টা বশিরউদ্দীন।
আরআই/এসএন