© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দলের বিপদে যারা পাশে ছিলেন, তাদের পুরস্কৃত করা হবে : শামা ওবায়েদ

শেয়ার করুন:
দলের বিপদে যারা পাশে ছিলেন, তাদের পুরস্কৃত করা হবে : শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৯ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিগত দিনে আন্দোলন-সংগ্রামে আমাদের নেতাকর্মীরা আহত ও নিহত হয়েছেন। বিভিন্ন সময় জেল খেটেছেন, মামলা খেয়েছেন। গত ১৭ বছর যারা আমাদের সঙ্গে নিবেদিতভাবে ছিলেন। দলের বিপদ-আপদে পাশে ছিলেন। আগামীতে তাদের পুরস্কৃত করা হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এনএম একাডেমি মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বিকেল ৪টার মধ্যে জনসভার মাঠে লাখো মানুষের ঢল নামে।

শামা ওবায়েদ বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার বাবা কেএম ওবায়দুর রহমান যখন নির্বাচন করেছেন, তখন দলমত নির্বিশেষে সবাই ভোট দিয়েছেন। যারা অন্য দল করেছে, তারাও ভোট দিয়েছেন। কারণ, তিনি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করেছেন।আগামীতে আমি এমপি নির্বাচিত হতে পারলে বাবার আদর্শ লালন করে সবাইকে নিয়ে চলতে চাই।

তিনি বলেন, শুধুমাত্র বিএনপি ও রিংকুর কাছে সব দল ও ধর্মের মানুষ নিরাপদ। আমরা চাই, সব দল ঐক্যবদ্ধভাবে উন্নয়নশীল নগরকান্দা গড়তে চাই। যুব ও ছাত্রসমাজের জন্য যদি কাজ করতে হয় এবং কর্মসংস্থান করতে হয়। তাহলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

বিএনপির এই নেত্রী বলেন, বিএনপি যদি বিজয় লাভ করে, তাহলে কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সেবা পাবেন। দুর্নীতিবাজরা আপনাদের পকেট খালি করতে পারবে না। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি- আমার বাবা সব সময় ন্যায়ের পথে ছিলেন। আমি নগরকান্দাকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত গড়ে তুলব।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাত ১টার পর গ্রামে গ্রামে না কি মানুষ ঢুকে। রাতে যারা ঢুকে তারা ভালো উদ্দেশে ঢুকে না। আপনারা নিজ নিজ গ্রাম পাহারা দেবেন। ঘর পাহারা দেবেন।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হবিবুর রহমান বাবুলের সভাপতিত্ব ও সাংগঠনিক সস্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তালুকদার নাজমুল হাসান, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজামান, মুফতি মামুন বিন কাসেমী, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।

এমআর/টিএ 

মন্তব্য করুন