© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুলেট ও রক্তপাত ছাড়াই ব্যালটের লড়াইয়ে জয়ের ডাক জামায়াত প্রার্থীর

শেয়ার করুন:
বুলেট ও রক্তপাত ছাড়াই ব্যালটের লড়াইয়ে জয়ের ডাক জামায়াত প্রার্থীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৮ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
জয়পুরহাটের কালাই উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শুরু হওয়া এই জনসভায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

কালাই উপজেলা জামায়াতের আমির মো. মুনসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম রাশেদুল আলম সবুজ বলেন, ভোটের দিন বুলেট ও রক্তপাত ছাড়াই দাঁড়িপাল্লায় সিল মেরে আরেকটি যুদ্ধে জয়ী হতে হবে।

তিনি বলেন, দেশের মানুষ আজ দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনে অতিষ্ঠ। একটি শান্তিপূর্ণ, ন্যায়পরায়ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে এবং আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের সুফল পেতে হলে জামায়াতসহ ১১ দলীয় জোটকে সরকার গঠনের সুযোগ দিতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দুনিয়া ও আখিরাতের কল্যাণের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে দাঁড়িপাল্লায় সিল মারার আহ্বান জানান তিনি।

জয়পুরহাট-২ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বলেন, জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ একটি সৎ ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি ও হানাইল কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান ইসলামী আদর্শে রাষ্ট্র পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।

এ ছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতের সদস্য অ্যাড. আব্দুল মোমেন ফকির, জেলা শুরা সদস্য মাওলানা নুরুজ্জামান সরকার, সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, নায়েবে আমির আব্দুর রউফ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাফ্ফর হোসাইন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক আব্দুল আলীম, যুব বিভাগের সভাপতি মো. খাইরুল ইসলামসহ অন্যান্য নেতারা। তারা সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।

জনসভায় জেলা জামায়াতের নেতা মাওলানা মো. মিজানুর রহমান, আব্দুর রহিম, সাবেক আমির মাওলানা অধ্যক্ষ রেজাউল করীম, সাবেক চেয়ারম্যান আবু সাঈদ, মো. রকিব উদ্দীন, সাবেক শিবির নেতা তাহরিম আল হাসান ও শিবির নেতা সিহাবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনসভা পরিচালনা করেন কালাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল আলিম।

এমআর/টিএ 

মন্তব্য করুন