সুশান্তের মৃত্যুর পর রিয়ার সঙ্গে অভিনয় করতে চাননি কেউ!
ছবি: সংগৃহীত
০৯:৫৩ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যু পরবর্তী সময়ে রিয়া চক্রবর্তীর জীবন ও কেরিয়ার এক অসহজ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। বলিউডের নামী অভিনেত্রী সাত বছর পর আবারো পর্দায় ফিরছেন। হনসল মেহতের নতুন সিরিজের হাত ধরে রিয়া পর্দাভাগ করেছেন অনিল কাপুরের সঙ্গে। কিন্তু সেই প্রত্যাবর্তনের আগে অভিনেত্রী অকপটভাবেই নিজের মানসিক ভাঙন ও কেরিয়ারের কঠিন সময়কে তুলে ধরেছেন।

সাক্ষাৎকারে রিয়া জানান, এক দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য তিনি লড়াই করেছেন। কিন্তু সুশান্তের মৃত্যুর পর তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হন যেখানে কেউ তাঁর সঙ্গে কাজ করতে বা স্ক্রিন শেয়ার করতে চাইত না। এই অদৃশ্য বঞ্চনা এবং বিতর্ক ক্রমেই মানসিকভাবে তাঁকে তলানিতে নিয়ে যায়। পরিস্থিতি সামলাতে বহু থেরাপি ও আত্মপর্যালোচনার মধ্য দিয়ে যেতে হয় তাকে।
হনসল মেহতের প্রস্তাবিত সিরিজের জন্য প্রথমে তিনি ‘না’ বললেও পরে হ্যাঁ করেন। শুটিং ফ্লোরে ফিরে তিনি অনুভব করেন, অভিনয়ই তাঁর আসল জায়গা। রিয়া জানান, এই কঠিন সময়ে যাঁরা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের তিনি চিরকাল মনে রাখবেন। কটাক্ষের মধ্যে থেকেও অনেক সহকর্মী এবং বন্ধুরা তাঁর মানসিক শক্তি হয়ে পাশে দাঁড়িয়েছেন।
সুশান্তের মৃত্যুকাণ্ডে অভিযোগের আঙুল ছিলেন রিয়ার দিকে। দীর্ঘ বিতর্ক, সাংবাদিকতা এবং সামাজিক চাপের মধ্য দিয়ে গিয়েও এবার তিনি নিজেকে নতুন করে প্রমাণের সুযোগ পাচ্ছেন। রিয়ার এই প্রত্যাবর্তন শুধুমাত্র তাঁর অভিনয় জীবনের নতুন অধ্যায় নয়, বরং অতীতকে পেছনে ফেলে শক্তি ও প্রত্যয় ফিরিয়ে আনার গল্পও বটে।
পিআর/এসএন