মহেশপুরে সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল জামায়াত কর্মী
ছবি: সংগৃহীত
১০:৩৯ এএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ ও মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. আসাদ (৩৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ভৈরবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আসাদ কুল্লাহ গ্রামের আনারুলের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, রোববার বিকেলে মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও মিছিল শেষে আসাদসহ কয়েকজন পাওয়ার টিলারে করে নিজ গ্রাম কুল্লাহর উদ্দেশে রওনা দেন। সন্ধ্যার দিকে ভৈরবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে আসাদসহ পাঁচজন গুরুতর আহত হন।খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আসাদের অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘আসাদ যশোরে মারা গেছে। আহতদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’
পিএ/টিকে