© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটকেন্দ্রে ফোন নেওয়ায় নিষেধাজ্ঞা / সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

শেয়ার করুন:
সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৭ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মুঠোফোন নিয়ে যেতে পারবেন না ভোটাররা। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া এ নিষেধাজ্ঞা না তুলে নিলে সন্ধ্যার মধ্যে ইসি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে, ৪০০ মিটারের মধ্যে ফোন নিয়ে যেতে পারবে না, আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি–বিধান পরিবর্তন না করলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে।

তিনি বলেন, ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব করলে; ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যে যেই অবস্থা হয়েছিল তার চাইতেও ভয়াবহ হবে।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখতে পাচ্ছি অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনের বিজ্ঞাপন প্রচার করছেন। কিন্তু অনেকেরটা তারা নিচ্ছে না। আপনাদের ভাবা উচিত, কাজটা কতটুকু নৈতিক হচ্ছে। বিজ্ঞাপন লাগলে আমরাও দিবো। আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না। কত টাকা লাগে। জনগণ আমাদের পক্ষে আপনাদের দিবে। আপনারা একটি দলের মার্কা প্রচার করছেন, আপনারা অন্য দলের মার্কা প্রচার করছেন না। এটা তো ফেয়ার হচ্ছে না।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে। বাংলাদেশের বেশিভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে, ফ্যাসিবাদের পক্ষে, নির্বাচন হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল। আপনারা বলেছেন, আপনারা বাধ্য হয়েছেন। আমরা এখন জানতে চাই কে আপনাদের বাধ্য করেছে। জনসম্মুখে সাহস রেখে বলুন। আমরা আপনাদের পাশে থাকবো। যদি কেউ বাধ্য না করে থাকে তাহলে ধরে নেব আপনারা নিজেরাই নতুন কোনো স্বৈরাচারের দালালি করছেন।

এসএন 

মন্তব্য করুন