বিশ্বকাপ অভিষেকেই গুরুতর চোট পেলেন ইতালির অধিনায়ক
ছবি: সংগৃহীত
০২:০০ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
ইতালির জন্য আজকের দিনটার মাহাত্ম্য অন্যরকম। ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নের আজ ক্রিকেটের বিশ্বকাপেও অভিষেক হলো। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির অভিষেকটা সুখকর হলো না। ইডেন গার্ডেনে স্কটল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারেই গুরুতর চোট পেয়েছেন ইতালির অধিনায়ক ওয়েন ম্যাডসেন।
মিড উইকেটে ফিল্ডিং করছিলেন ম্যাডসেন। জর্জ মানসির একটি পুল শট ঠেকাতে ম্যাডসেন বাঁ দিকে ডাইভ দেন। কিন্তু বল আটকাতে ব্যর্থ হয়ে প্র্যাকটিস পিচের ওপর গড়িয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গেই চিকিৎসা সহায়তা চান। কিছুক্ষণের মধ্যেই বাম হাত তোয়ালে দিয়ে ঝুলিয়ে (স্লিং বানিয়ে) মাঠ ছাড়তে হয় তাকে।

চোট পাওয়া ইতালিয়ান অধিনায়ককে ভেন্যুতেই এক্স-রের জন্য নেয়া হয়। সেখানে দেখা যায় তার কাঁধ স্থানচ্যুত (শোল্ডার ডিসলোকেশন) হয়েছে। সাধারণত কাঁধ স্থানচ্যুত চোট পুরোপুরি সেরে উঠতে ৭ থেকে ২১ দিন সময় লাগে, তবে জটিল ক্ষেত্রে তা ৩ থেকে ৪ মাস পর্যন্তও গড়াতে পারে। অর্থাৎ এই চোটের কারণে বিশ্বকাপের বাকি পর্যায়ে ম্যাডসেনের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
৪২ বছর বয়সী ম্যাডসেনই ইতালির অভিজ্ঞতম ক্রিকেটার। জো বার্নসকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিয়ে তাকেই অধিনায়ক করা হয়েছিল। খেলাধুলায় এটি অবশ্য তার দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে ২০০৬ সালের হকি বিশ্বকাপে তিনি দক্ষিণ আফ্রিকা পুরুষ দলের প্রতিনিধিত্ব করেছিলেন।
এদিন ম্যাডসেন চোটে পড়ার পর স্কটল্যান্ডের ইনিংসের বাকি অংশে ইতালির নেতৃত্ব দেন হ্যারি মানেন্তি। ভারত ও অস্ট্রেলিয়ায় ঘরোয়া ক্রিকেটে গুরুতর চোটের ক্ষেত্রে বদলি খেলোয়াড় নামানোর বিষয়টি পরীক্ষামূলকভাবে চালু থাকলেও, আন্তর্জাতিক ক্রিকেটে এখনো একাদশে ইনজুরি রিপ্লেসমেন্টের অনুমতি নেই। বর্তমানে শুধু কনকাশন (মাথায় আঘাত) হলে বদলি খেলোয়াড় নেওয়া যায়।
৯ ফেব্রুয়ারি কলকাতায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ইতালি ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে। এরপর আবার কলকাতায় ফিরে ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে।
আরআই/এসএন