নির্বাচন নিয়ে প্রত্যাশা জানালেন সঙ্গীতশিল্পী আসিফ আকবর
ছবি: সংগৃহীত
০২:১৯ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মতামত প্রকাশ করেন।
পোস্টে আসিফ আকবর বলেন, আসন্ন নির্বাচন জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে এবং এবারের ভোট সঠিক নিয়মে অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বিগত দুই দশকে মানুষের ভোটাধিকারের ওপর আস্থা কমে গিয়েছিল, তবে ‘২৪-এর জুলাই বিপ্লবের মাধ্যমে সেই অধিকার নতুন করে ফিরে এসেছে বলে তিনি মনে করেন। এ সময় তিনি জুলাইয়ের ঘটনায় নিহত ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সম্মান জানান।

নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে অভিনন্দন জানিয়ে আসিফ বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি আশা করেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার পাবে। নির্বাচন শেষে রাজনৈতিক দলগুলো সংকীর্ণতা পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিএনপিকে গণমানুষের দল হিসেবে উল্লেখ করে আসিফ আকবর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পথ ধরে বর্তমানে দলের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। সাধারণ মানুষ ও নারী ভোটাররা বিএনপির মূল শক্তি বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তরুণ ভোটারদের প্রথম ভোট ধানের শীষ প্রতীকের পক্ষে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সব কিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারবে বলে তার বিশ্বাস। মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশে অহিংসা ও উন্নয়নভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন।
ফেসবুক পোস্টের শেষে আসিফ আকবর লেখেন, 'মার্কা যার যার, ভোটাধিকার সবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।'
কেএন/এসএন