সোনার গয়নার সাজে অন্যরকম সোনাম!
ছবি: সংগৃহীত
০২:৪৫ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
মাতৃত্বের আনন্দকে উৎসবে পরিণত করতে তারকাদের জুড়ি মেলা ভার। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ঠিক তেমনই এক বিশেষ মুহূর্তকে ঘিরে রঙিন হয়ে উঠল অভিনেত্রী সোনাম কাপুরের ঘর। খোলা স্ফীতোদর, গলায় ভারী সোনার হার, কানে দুল আর ঐতিহ্যবাহী পোশাকে নিজেকে সাজিয়ে তিনি যেন মাতৃত্বের উচ্ছ্বাসকেই উদ্যাপন করলেন প্রকাশ্যে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো বলছে, এই সময়ের প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করছেন নিজের মতো করেই।
রবিবার সকালে বাবা অনিল কাপুরের বাড়িতে বসেছিল এই আয়োজন। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশেই হয়ে ওঠে এক জমজমাট অনুষ্ঠান। ভাইবোনদের উপস্থিতিতে মুহূর্তগুলো যেন ছোটখাটো পারিবারিক পিকনিকের রূপ নেয়। একে একে হাজির হন অর্জুন কাপুর, অংশুলা কাপুর ও খুশি কাপুর। শাড়ি ও গয়নায় খুশির সাজও নজর কাড়ে উপস্থিতদের। তবে এই আনন্দঘন দিনে জাহ্নবী কাপুরকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় অনুরাগীদের মনে তৈরি হয়েছে আলাদা কৌতূহল। কেন অনুপস্থিত তিনি, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আলোচনায়।

স্বামী আনন্দ আহুজার সঙ্গে সোনমের যে ছবিগুলি সামনে এসেছে, সেগুলি ইতিমধ্যেই প্রশংসায় ভাসছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরও। ফলে এক ছাদের নিচে বলিউডের বহু পরিচিত মুখের মিলনমেলাই যেন হয়ে উঠেছিল দিনটি। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরও একটি বিষয়। প্রথম সন্তান বায়ুকে এখনও পর্যন্ত প্রকাশ্যে না আনার সিদ্ধান্ত নিয়েছিলেন সোনম ও আনন্দ। তাই অনেকের মনে এখন প্রশ্ন, দ্বিতীয় সন্তানকেও কি একই ভাবে আড়ালেই রাখবেন তাঁরা?
অন্যদিকে খোলা স্ফীতোদরের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া নিয়েও নানান মত উঠেছে। কারও কৌতূহল, কেন এমন ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। যদিও এই ধরনের মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সোনম বরাবরই। আপাতত নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছে কপূর ও আহুজা পরিবার, আর অনুরাগীরা তাকিয়ে রয়েছেন সেই আনন্দের মুহূর্তের দিকেই।
পিআর/এসএন