চেনা ছকের বাইরে কারিনা কাপুর
ছবি: সংগৃহীত
০২:৫৬ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
দর্শকদের হাসি ও আনন্দ দিতে আবারও ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমা ‘গোলমাল’। এরই মধ্যে এই সিনেমার পঞ্চম কিস্তি নির্মাণের ঘোষণা দিয়েছেন রোহিত শেট্টি। ‘গোলমাল ৫’ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা, আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কারিনা কাপুর খান।
বলিউডের একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন এই কিস্তিতে আবারও দেখা যাবে কারিনাকে। ছবির জন্য ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর আগে ‘গোলমাল ৩’ সিনেমায় কারিনার অভিনয় দারুণ সাড়া ফেলেছিল।
যদিও ‘গোলমাল এগেন’ বা ‘গোলমাল ৪’-এ তাঁকে দেখা যায়নি। তবে তার জনপ্রিয়তা ও চরিত্রের গ্রহণযোগ্যতা বিবেচনা করেই এবার আবারও তাকে ফিরিয়ে আনছেন রোহিত শেট্টি। ফলে দীর্ঘদিন পর এই ছবির হাত ধরেই আরও একবার পর্দায় জুটি বাঁধছেন অজয় দেবগণ ও কারিনা কাপুর।

আগের সিনেমাগুলোর মতোই নতুন এই কিস্তির অন্যতম প্রধান চরিত্র ‘গোপাল’-এর ভূমিকায় থাকছেন অজয় দেবগণ। তার পাশাপাশি দেখা যাবে আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে এবং কুণাল খেমুকে।
জানা যাচ্ছে, পঞ্চম কিস্তিতে ফিরতে পারেন শারমান যোশীও। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘গোলমাল’ ছবিতে তাকে দেখা গিয়েছিল, যা দর্শকদের মনে আজও আলাদা জায়গা করে নিয়েছে।
সব মিলিয়ে ‘গোলমাল ৫’ যেন এক অর্থে পুরোনো টিমের রিইউনিয়ন। দর্শকরা আশা করছেন, আগের কিস্তিগুলোর মতোই এবারও ছবিতে জনি লিভার, অশ্বিনী কালেশকর, মুকেশ তিওয়ারিসহ অন্যান্য পরিচিত মুখদের উপস্থিতি থাকবে, যা এই কমেডি ঘরানার ছবিকে আরও প্রাণবন্ত করে তুলবে।
এদিকে আরও চমকপ্রদ খবর হলো এই ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবারের মতো যোগ দিতে চলেছেন অক্ষয় কুমার। জানা গেছে, তাকে দেখা যাবে একেবারেই ভিন্নধর্মী খল চরিত্রে, যা ‘গোলমাল’ সিরিজে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকে।
ভারতীয় গণমাধ্যমে নির্মাতা জানিয়েছেন সিনেমার সব প্রস্তুতি প্রায় শেষ। শিগগিরই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
পিআর/এসএন