সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
০৬:২১ পিএম | ২৮ নভেম্বর, ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক পৌর মেয়র ও ও কার্যক্রম নিষিদ্ধ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে গ্রেপ্তারে পুলিশের অভিযানে গ্রামবাসীর বাধা দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি বলেন, ঘটনার পর থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রকিব (৪০), সাইফুল ইসলাম (৩৮), জেলহাস প্রাং প্রকাশ আতিক (৪০) ও সোহেল রানা (২৮)। রকিবের বাড়ি নলুয়া মধ্যপাড়া, সাইফুল ইসলামের বাড়ি নারায়ণদহ, জেলহাস প্রাংয়ের বাড়ি নলুয়া দক্ষিণপাড়া এবং সোহেল রানার বাড়ি নলুয়া মধ্যপাড়া গ্রামে। তারা সবাই শাহজাদপুর উপজেলার বাসিন্দা।
এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মিরুকে গ্রেপ্তার করতে তার বাসভবনে অভিযান চালায় পুলিশ। এ সময় নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও জড়ো হয়ে বাধা দেন।
জানা গেছে, শুক্রবার বিকেলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের জন্য তার নিজ বাসভবনে অভিযান চালায়। এসময় তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় নারী-পুরুষসহ এলাকাবাসী এবং শিশুরা একত্র হয়ে বাধা দেন। একপর্যায়ে স্থানীয়রা পুলিশের কাছ থেকে মিরুকে ছাড়িয়ে নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে পুলিশের অভিযানের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন, পুলিশের যাওয়ার খবর পেয়ে মিরু পালিয়ে যান। তবে কিছু লোক জড়ো হয়ে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তার নামে থানায় বিস্ফোরক মামলা রয়েছে।
হালিমুল হক মিরু দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি হওয়ার পর শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করায় দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
এমআই/