© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপিই বারবার সংকট থেকে দেশকে উদ্ধার করেছে: তারেক রহমান

শেয়ার করুন:
বিএনপিই বারবার সংকট থেকে দেশকে উদ্ধার করেছে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৬ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
স্বাধীনতার পর থেকে দেশ যখনই সংকটে পড়েছে, বিএনপিই তখন শক্ত হাতে হাল ধরে জনগণকে উদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে যাত্রাবাড়ীতে জনসভায় বক্তৃতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ঢাকা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবীর সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তারেক রহমান তার দলের ঐতিহাসিক সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, ‘দেশ স্বাধীনের পর যারা ক্ষমতায় ছিল, তাদের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং খাদ্যাভাব দেশবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেয়ার পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটিয়ে দেশকে স্থিতিশীল করেন।’

তিনি বলেন, “স্বৈরাচার পতনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ‘ইমারজিং টাইগার’-এ পরিণত করেছিলেন। ২০০১ সালে আমরা যখন দায়িত্ব নিই, তখন দেশের কপালে দুর্নীতির যে কালো তিলক ছিল, ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার সময় খালেদা জিয়া সেই কালিমা দূর করেছিলেন।”
 
পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত সরকার নিজেদের লোকেদের পকেট ভরতে বিদেশ থেকে চড়া দামে গ্যাস এনেছে, কিন্তু সাধারণ মানুষ তার সুফল পায়নি। আমরা ক্ষমতায় গেলে দেশে নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার করে সেই সম্পদ সরাসরি জনগণের কাছে পৌঁছে দেব।’

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘যাত্রাবাড়ীর মানুষ জুলাইয়ের আন্দোলনে যে সাহসী ভূমিকা রেখেছে, তা আমি অন্তরের অন্তস্তল থেকে স্মরণ করি। আজ এই জনসমুদ্র প্রমাণ করে নবী উল্লাহ নবীকে ধানের শীষ দেয়ার সিদ্ধান্ত সঠিক ছিল।’

ভোটারদের সতর্ক করে তিনি বলেন, ‘গেল ১৬ বছর যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সহযোগীরা এখনও ষড়যন্ত্র করছে। তাই শুধু ধানের শীষে সিল মারলেই হবে না, ভোট দেয়ার পর সেই ভোটের হিসাব বুঝে নিয়ে আসতে হবে।’

দেশ গড়ার রূপরেখা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘দেশ পরিচালনার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ও অভিজ্ঞতা প্রয়োজন, যা একমাত্র বিএনপিরই আছে। জাতির ভাগ্য পরিবর্তন করতে হলে ভোটের অধিকার প্রয়োগের পাশাপাশি দেশ গড়ার শপথ নিতে হবে।’

জনসভায় ঢাকা-৫ আসনের প্রার্থী নবী উল্লাহ নবী এবং দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

এমআই/টিএ

মন্তব্য করুন