জামায়াত প্রার্থী হাবিবুরের মনোনয়ন বাতিলের আবেদন বিএনপির
ছবি: সংগৃহীত
০৮:২০ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সিলেট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ তুলে মনোনয়নপত্র বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কাছে লিখিত এ অভিযোগ করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
অভিযোগের তথ্য মতে, প্রার্থী তার হলফনামায় ঘোষণা করেছেন যে তিনি কোনো কম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার নন এবং কোনো ঋণ বা দায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে জয়েন্ট স্টক কম্পানিজ অ্যান্ড ফার্মসের নথি অনুযায়ী তিনি ‘ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড’-এর পরিচালক এবং আল হারামাহ মেডিক্যাল সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার। যার ফলে তার হলফনামায় দেওয়া তথ্য সত্য নয় এবং বিভ্রান্তিকর।
অভিযোগপত্রে আরো বলা হয়, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড ২৪ কোটি এক লাখ ২৭ হাজার ৪৪৮ টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে, যা বর্তমানে বকেয়া রয়েছে। বিএনপি নেতাদের দাবি, প্রার্থী এই গুরুত্বপূর্ণ তথ্য স্বেচ্ছায় গোপন করেছেন, যা নির্বাচনী আইন লঙ্ঘনের শামিল।
হলফনামায় মিথ্যা তথ্য প্রদান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮১ ও ১৯৩ ধারার অধীনে অপরাধ এবং এটি ভোটার ও নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার উদ্দেশ্য বহন করে, উল্লেখ করে রেজাউল হাসান কয়েস লোদী জানান, তিনি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট এ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।
ইউটি/টিএ