আমি এমপি না হলেও আপনাদের পাশে থাকব : শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত
০২:৪৮ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিগত ১৭ বছর আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম। আগামীতে আমি এমপি না হলেও আপনাদের পাশে থাকব। আপনাদের ছেড়ে কোথাও যাব না। আপনাদের কাছে শুধুমাত্র একটাই চাওয়া-১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমার বিজয় সুনিশ্চিত করবেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকাল ৫টার দিকে জনসভার মাঠ ও আশপাশের এলাকায় লাখো মানুষের ঢল নামে।
তিনি বলেন, ১৭ বছর পর আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।
দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ধানের শীষে ভোট দিন।
শামা ওবায়েদ বলেন, আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমানকে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন। ঠিক সেইভাবেই আমাকে স্নেহ-মমতায় আগলে রেখেছেন। আমি আপনাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয় ও একটি গার্লস স্কুল করা হবে। যুবক ও নারীদের কর্মসংস্থানের জন্য মিল-কারখানা প্রতিষ্ঠা করা হবে। প্রবাসে কাজ করা যুবকদের জন্য স্থানীয়ভাবে চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। কৃষকদের জন্য কৃষিকার্ড ও ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে।
বিএনপির এই নেত্রী বলেন, সালথার প্রতিটি মাদরাসা ও মসজিদকে আধুনিকায়ন করা হবে। ছেলে-মেয়েদের জন্য নতুন মাদরাসা প্রতিষ্ঠা করা হবে। কওমি মাদরাসার শিক্ষার্থীরা পড়াশোনা শেষে যেন সমমানের চাকরির সুযোগ পায়, সেই ব্যবস্থা করা হবে।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাদা মিয়া, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, ছাত্রদল নেতা সাইফুল আলম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ।
এমআর/টিএ