© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটকেন্দ্র রক্ষাকবচের মতো পাহারা দিতে হবে: শামা ওবায়েদ

শেয়ার করুন:
ভোটকেন্দ্র রক্ষাকবচের মতো পাহারা দিতে হবে: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৫ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ১২ তারিখের নির্বাচন সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেজাল্ট শিট হাতে না পাওয়া পর্যন্ত ভোটকেন্দ্র রক্ষাকবচের মতো পাহারা দিতে হবে। ধানের শীষ যেন কেউ চুরি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রয়াত বাবার স্মৃতিচারণ করে শামা ওবায়েদ বলেন, ‘আমার আব্বা দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করেছেন। প্রতিদানে কখনও কিছু চাননি। কিন্তু উনি পেয়েছেন আপনাদের অপরিসীম ভালোবাসা। এই ভালোবাসার প্রতিদান আমি দিতে চাই। আমি আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করতে চাই।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের বোন, আপনাদের সন্তান। আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহ তায়ালা আমাকে যতদিন হায়াত দিয়েছেন, আমি আপনাদের পাশে আছি, থাকব। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।’

এ সময় তিনি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে সবই আমি করতে পারব।’

এ সময় তিনি এলাকায় কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, বিনামূল্যে উন্নতমানের চিকিৎসাসেবা পেতে হাসপাতাল নির্মাণ এবং বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

এর আগে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। একপর্যায়ে হাজারো নারী-পুরুষের উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

এমআর/টিএ 

মন্তব্য করুন