© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার মতো মাস্তান বাংলাদেশে নাই: জয়নুল আবদিন ফারুক

শেয়ার করুন:
আমার মতো মাস্তান বাংলাদেশে নাই: জয়নুল আবদিন ফারুক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২১ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালী-২ আসনে জামায়াত নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর কাছে বিক্রি হওয়ার অভিযোগ তুলে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমার মতো মাস্তান বাংলাদেশে নাই। আপনারা যারা স্বাধীনতায় বিশ্বাস করেন না, তারা যদি জোটকে ভোট না দিয়ে কাপ-পিরিচের কাছে বিক্রি হন, সে হিসাব ১২ তারিখের পর হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের আবুল খায়ের উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ধানের শীষের জনসভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিএনপির যারা বহিষ্কার হয়েছেন, আপনাদের উচিত ছিল স্বতন্ত্র বেঈমান প্রার্থীর পক্ষে ভোট না করে ক্ষমা চেয়ে ধানের শীষের পক্ষে ভোট করতে আসা। তাহলে হয়তো আমি বলে দিতাম, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারে আমার কোনো আপত্তি নাই।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনাদের যাদের বুকের মধ্যে ধানের শীষ বাজে, কিন্তু স্বতন্ত্র প্রার্থীর কাপ-পিরিচে ভোট করছেন, আল্লাহ আপনাদের ক্ষমা করবেন না।’

নিজের গাড়িতে হামলার অভিযোগ করে বিএনপির এই প্রার্থী বলেন, ‘আমার গাড়ি ভেঙেছেন। তবে এতে সেনবাগের কোনো লোক জড়িত নাই।কুমিল্লার নাঙ্গলকোট ও ফেনীর দাগনভূঁইয়া থেকে ২২ জন মাস্তান এনে আমার লোকের ওপর হামলা করেছেন। খবর পেয়ে আমার ১০ হাজার নেতাকর্মী বাজারে উঠেছে। আমি বলেছি, আমাকে মেরে আমার লাশের ওপর দিয়ে কাপ-পিরিচে হামলা করো।’

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষ ২৮০ আসনে জিতবে এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। তাই স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, তারা ধানের শীষের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর কাপ-পিরিচে ভোট দিতে পারেন না।’

জানা গেছে, নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এ আসনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্যপদ থেকে সদ্য বহিষ্কৃত ব্যবসায়ী কাজী মোহাম্মদ মফিজুর রহমান।

এমআর/টিএ 

মন্তব্য করুন