© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভ্যুত্থান পারেনি, এই নির্বাচন আমাদের মুক্ত করতে পারে: সারজিস আলম

শেয়ার করুন:
অভ্যুত্থান পারেনি, এই নির্বাচন আমাদের মুক্ত করতে পারে: সারজিস আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৭ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
পঞ্চগড়ে ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পুরনো রাজনৈতিক নিয়মে বাংলাদেশ রাজনীতি চলবে না। একটা অভ্যুত্থান আমাদের মুক্ত করতে পারেনি। এই নির্বাচন আমাদের মুক্ত করতে পারে। এই নির্বাচনে বিএনপির প্রার্থী পরাজিত হলে, নির্বাচনের পরেও তাদের নেতাকর্মীরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে ইনশাআল্লাহ্।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি।

সারজিস বলেন, ‘যখন এই বাংলাদেশের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে রাতের নির্বাচন, ভোট চুরি নির্বাচন, ডামি নির্বাচনে দেখেছে তখন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই দেশের ওপর, রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা হারিয়ে ফেলেছিল। রাজনৈতিক দলগুলোও নির্যাতিত হতে হতে একসময় মনে করেছিল আর হয়তো তাদের মুক্তি সম্ভব নয়। ২৪ এ নির্বাচনের পরে যখন প্রত্যেকটা মানুষ ভেবেছিল বাংলাদেশে আর হয়তো সরকারের পতন হবে না। তখন যেই তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশে অভ্যুত্থান সংঘটিত হয়। তখন যেই তরুণদের নেতৃত্বে এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মুক্তি পেয়েছে। সেই তরুণদের, সেই বীরদের, সেই শহীদদের স্মরণ করছি।’

সারজিস বলেন, ‘আপনাদের ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যেন ভোট কেন্দ্রে কারচুপি করতে না পারে। কেউ ভোট কেন্দ্রে ঝামেলা করতে আসলে তার ঠিকানা হবে হাসপাতালে। ১২ তারিখের লড়াই আমাদের মুক্তির লড়াই।’

তিনি আরও বলেন, ‘পঞ্চগড়ের স্বাস্থ্য সেবায় আধুনিকায়নের জন্য আড়াইশ শয্যার হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। পঞ্চগড়ে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করা হবে। যখন কাজ থাকবে না, তখন জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ্।’

জনসভায় পঞ্চগড় পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দিন সরকারের সঞ্চালনায় ও জেলা এনসিপির আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়নের সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, খেলাফত মজলিসের আমির হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন জোটের নেতাকর্মীরা।

এমআর/টিএ 

মন্তব্য করুন