ক্ষমতার রাজনীতি করলে বহু আগেই তার স্বাদ নিতে পারতাম: রেজাউল করীম
ছবি: সংগৃহীত
০৫:৫৭ এএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
আমরা কখনো ক্ষমতার রাজনীতি করিনি। ক্ষমতার রাজনীতি করলে বহু আগেই ক্ষমতার স্বাদ নিতে পারতাম বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ আবুল খায়েরের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘আমি নিজে কোনো আসনে প্রার্থী হইনি। আমরা চেয়েছি আদর্শ ও ইসলাম। এবারের নির্বাচনেও অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়ে একমাত্র আমরাই ইসলাম ও শরীয়াহর পক্ষে দাঁড়িয়ে লড়াই করছি।’
দেশের নাগরিকদের উদ্দেশ্য তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে অনেক তো দেখলেন, এবার ইসলামের পক্ষে হাতপাখা প্রতীককে যাচাই করুন। ইনশাআল্লাহ আপনাদের মুখে হাসি ফুটবে।’
জনসভায় বরিশাল-৪ আসনের প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেন, ‘ঘুণে ধরা সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। দেশে সামান্য অপরাধের কারণে নাগরিকদের কঠিন শাস্তি হয় কিন্তু সেই অপরাধের উৎপত্তিস্থলে থাকা রাঘব-বোয়ালদের কিছুই হয় না। ইসলাম ক্ষমতায় এলে এই অবস্থার পরিবর্তন হবে। অপরাধকে উৎস থেকে নির্মূল করা হবে।’
তিনি আরও বলেন, ‘ইসলাম ইনসাফের ধর্ম। আমরা বিজয়ী হলে জাত, ধর্ম ও দল নির্বিশেষে সবার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। কোনো দল দেখে না বরং মানুষ হিসেবে সবাইকে বিবেচনা করে তার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা হবে।’
সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের (হিজলা-মেহেন্দিগঞ্জ) উপজেলার উন্নয়নের জন্য সর্বদলীয় উন্নয়ন কমিটি করে উন্নয়ন এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়া জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম।
এমআর/টিএ