© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২

শেয়ার করুন:
প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৫ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলার পরও এক ব্যক্তি জীবিত থাকায় তাকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে নির্দেশনা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে হাবায়, সোমবার একটি নৌযানের ওপর লিথাল কাইনেটিক স্ট্রাইক পরিচালনা করা হয়। তাদের দাবি, নৌকাটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় দুই মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে এবং একজন বেঁচে গেছে। সংঘর্ষের পরপরই ইউএস সাউথকম জীবিত ব্যক্তির জন্য সার্চ অ্যান্ড রেসকিউ ব্যবস্থা সক্রিয় করতে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে অবহিত করে।

হামলার ১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে সাউথকম। এতে দেখা যায়, সামরিক বাহিনীর নিশানায় থাকা একটি ছোট মোটরচালিত নৌযানে আঘাত হানার পর কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নৌকার কিছু অংশ অক্ষত থাকতে দেখা গেলেও সেটির গতি ধীর হয়ে যায়।

গত সপ্তাহেও পূর্ব প্রশান্ত মহাসাগরে হামলায় দুজন নিহতের দায় স্বীকার করে যুক্তরাষ্ট্র। বিভিন্ন গণমাধ্যমের তথ্য ও পর্যবেক্ষকদের হিসাব অনুযায়ী, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে এখন পর্যন্ত ৩৯টি নৌযানের ওপর যুক্তরাষ্ট্র মোট ৩৭টি হামলা চালিয়েছে। এসব হামলায় সর্বশেষ ঘটনায় হতাহতসহ মোট নিহতের সংখ্যা অন্তত ১৩০ জন।

পিএ/টিকে 

মন্তব্য করুন