তারেক রহমান মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন : নুর
ছবি: সংগৃহীত
০২:৩০ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, জাতীয় সরকার গঠন হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গলাচিপা হাই স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে থাকতে দেওয়া যাবে না। এই জনপদকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে বহুদিন।
তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠনে যদি ভূমিকা রাখতে চান, তাহলে আগামী ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিতে হবে।
তিনি বলেন, এই অঞ্চলের মানুষের হাতে বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎ শুধু দুর্ভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এলাকার সার্বিক উন্নয়ন এবং তরুণদের চাকরি-বাকরির সুযোগ নিশ্চিত করতে হলে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
ভিপি নুর আরও বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। জনগণের অধিকার ও উন্নয়নের জন্য রাজনীতি করি। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে দশমিনা ও গলাচিপাকে একটি পরিকল্পিত ও উন্নত জনপদে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করব।
জনসভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নূরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
পিএ/টিকে