© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এখনই ভাগ হচ্ছে না এনবিআর!

শেয়ার করুন:
এখনই ভাগ হচ্ছে না এনবিআর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৮ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী সরকারের আমলে আর ভাগ হচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যবসায়ী ও বিশ্লেষক-সব পক্ষের সমর্থন থাকার পরও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পারাকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, চূড়ান্ত পর্যায়ে এসে ঝুলে যাওয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব এখন নির্বাচিত সরকারকেই নিতে হবে।

রাজস্ব আয় বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করা এবং কর আদায়ে দীর্ঘদিনের অস্বচ্ছতা দূর করতে গত বছরের ১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা-এই দুই বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে সরকার।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়ে কঠোর আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এতে আমদানি-রফতানি কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। পরে সিদ্ধান্ত সংশোধন করে গত ১ সেপ্টেম্বর পরিমার্জিত অধ্যাদেশ জারি করা হয়। আন্দোলনকারীদের সাময়িক বরখাস্ত, বাধ্যতামূলক অবসরসহ বিভিন্ন শাস্তির আওতায় আনা হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, সবশেষ চলতি বছরের ১ ফেব্রুয়ারি এনবিআর ভাগ করা নিয়ে সচিব পর্যায়ের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যায়নি। বিভক্ত এনবিআরের দুই বিভাগের সচিব কোন ক্যাডার থেকে নিয়োগ দেয়া হবে-এই প্রশ্নের সমাধান না হওয়ায় বাস্তবায়ন ঝুলে গেছে।

পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার বলেন, সচিব পর্যায়ের বৈঠকে এত বড় একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে না পেরে বিষয়টি পিছিয়ে দেয়া হয়েছে।

ফলে বিষয়টি এখন আগামী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেয়া হয়েছে।

তিনি মনে করেন, জাতীয় স্বার্থে দীর্ঘ সময়েও এই আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে না পারার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। এত বড় একটি কাজকে অগ্রাধিকার দেয়া উচিত ছিল। তবে সরকার পর্যায়ে প্রয়োজনীয় তৎপরতা দেখা যায়নি।

অর্থনীতিবিদরা বলছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থ উদ্যোগ এখন নির্বাচিত সরকারকেই এগিয়ে নিতে হবে। সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, আমরা ঘুমন্ত অবস্থায় ঋণফাঁদের দিকে এগিয়ে যাচ্ছি। এটি রাজনৈতিক সরকারের জন্য আত্মঘাতী হবে। তাই নতুন সরকারকে বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে এবং এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে এনবিআরের কর্মকর্তারাও প্রণোদিত ও মানসিকভাবে উৎসাহিত হন।

এদিকে, এনবিআরকে দুই ভাগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে জড়িত কর্মকর্তাদের বেতন দুই ধাপ কমানোর মতো লঘু দণ্ড দিয়ে পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

পিএ/টিকে 

মন্তব্য করুন