রাজশাহী বিভাগে প্রায় অর্ধেক ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ
ছবি: সংগৃহীত
০৪:৩৫ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজশাহী বিভাগের ৮ জেলার ৩৯টি সংসদীয় আসনের মধ্যে প্রায়ই অর্ধেক ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ও নজরদারি থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর। বিভাগে মোট ভোটার সংখ্যা এক কোটি ৫৪ লাখ ১০৩ জন। তারা ৫ হাজার ৫০৪টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এরইমধ্যে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে নির্বাচনের প্রচার-প্রচারণা। রাজশাহী বিভাগের ৮ জেলার ৫ হাজার ৫০৪টি ভোটকেন্দ্রের মধ্যে দুই হাজার ৫৬০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই ভোটকেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।
এরমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রস্তুত বলে জানান আঞ্চলিক নির্বাচন ও কর্মকর্তা আনিসুর রহমান।
রাজশাহী বিভাগের মধ্যে বগুড়ায় সর্বাধিক ৭টি আসনে ভোটার ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। বিভাগের মধ্যে বগুড়ায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি। বগুড়ার ৯৮৩ ভোটকেন্দ্রের মধ্যে ৫০১টি ঝুঁকিপূর্ণ। রাজশাহীর ৬টি আসনে ভোটার ২২ লাখ ৯২ হাজার ১১৮ জন। এসব ভোটার জেলার ৭৭৮টি কেন্দ্রে ভোট দেবেন। এসব কেন্দ্রের মধ্যে ৪৩৯ টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ৫১৫টি কেন্দ্রের মধ্যে ৩৪২টি ঝুঁকিপূর্ণ। নাটোরের ৪টি আসনের ৭৮০টি কেন্দ্রের মধ্যে ১৯২টি ঝুঁকিপূর্ণ। নাটোরে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা তুলনামূলকভাবে কম। নওগাঁর ৬টি আসনের ৭৮২টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬৪টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিরাজগঞ্জের ৬টি আসনে ৯২৩টি কেন্দ্রের মধ্যে ৪৬২টি ঝুঁকিপূর্ণ। পাবনার ৫টি আসনে ৭১২টি ভোটকেন্দ্রের মধ্যে ২৬৯টি ঝুঁকিপূর্ণ। জয়পুরহাটের ২টি আসনে ২৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৬টি ঝুঁকিপূর্ণ।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হবে। আর ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে এসব কেন্দ্র।
এ দিকে, ভোটাররা বলছেন, সবাই যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
রাজশাহী বিভাগের ৩৯টি সংসদে আসনে ২০৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসকে/এসএন