বাসবদত্তা চট্টোপাধ্য়ায় / 'শিল্পীদের বন্ধ হওয়া মেডিক্লেম চালু করার ইচ্ছে'
ছবি: সংগৃহীত
০৫:২৭ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সদ্য অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের বার্ষিক নির্বাচন। গত দুই বছর ধরে সংগঠনটির একাধিক গুরুত্বপূর্ণ পদ কার্যত নির্দিষ্টই ছিল। এবারের নির্বাচনেও সেই ধারাবাহিকতা বজায় থাকল। সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। কার্যকরী সভাপতি হিসেবে বহাল রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্পাদক পদেও দায়িত্বে আছেন শান্তিলাল মুখোপাধ্যায়।

তবে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অন্য একটি বিষয়। টলিপাড়ার দুই জনপ্রিয় তারকা দেব ও জিৎ—এই দু’জনের কেউই এবার সংগঠনের কোনো পদে নেই। দীর্ঘদিন পর্ষদের সঙ্গে যুক্ত না থাকা এই দুই তারকার অনুপস্থিতি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে কৌতূহল।
অন্যদিকে কয়েক বছর বিরতির পর ফোরামে প্রত্যাবর্তন ঘটেছে অভিনেতা দেবদূত ঘোষের। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি। পাশাপাশি নতুন মুখও যুক্ত হয়েছেন বিভিন্ন পদে। সেই তালিকায় উল্লেখযোগ্য সংযোজন বাসবদত্তা চট্টোপাধ্যায়।
এবারের ভোটে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন এই অভিনেত্রী। চলচ্চিত্র অঙ্গনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে এটিই তাঁর প্রথম পদার্পণ। ফলে দায়িত্ব ও প্রত্যাশা—দুটোই যে বাড়তি, তা স্বীকার করেছেন তিনি নিজেই।

সংবাদমাধ্যমকে বাসবদত্তা জানান, লড়াই করেই তিনি এই পদ অর্জন করেছেন। প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা। ভোট গণনা প্রসঙ্গে তিনি বলেন, ভোর সাড়ে তিনটা থেকে গণনা শুরু হয়েছিল, যা তাঁর কাছে অনেকটাই বড় নির্বাচনের গণনার আবহ মনে হয়েছে।
নতুন দায়িত্ব নিয়ে পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, ফোরামের প্রবীণ শিল্পীদের সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি শিল্পীদের কল্যাণে নতুন উদ্যোগ নেওয়ার কথাও ভাবছেন তিনি।
বিশেষ করে চিকিৎসা সুরক্ষা প্রকল্প পুনরায় চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বাসবদত্তা। তিনি জানান, আগে টলিউডের শিল্পীদের জন্য চিকিৎসা বিমা চালু ছিল, যা দীর্ঘদিন ধরে বন্ধ। সেটি পুনরায় চালু করার উদ্যোগ নিতে চান তিনি।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনে তাঁকে সহযোগিতা করবেন অভিনেতা দিগন্ত বাগচী। ফলে নতুন কমিটিতে অভিজ্ঞতা ও নবীন উদ্যোগের সমন্বয় ঘটবে বলেই মনে করছে চলচ্চিত্র মহল।