© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রমজানে মদিনায় দেওয়া হবে বিনামূল্যে বিশেষ শাটল বাস

শেয়ার করুন:
রমজানে মদিনায় দেওয়া হবে বিনামূল্যে বিশেষ শাটল বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৭ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র রমজান মাসে মুসল্লি ও জিয়ারতকারীদের যাতায়াত সহজ করতে মদিনায় বিনামূল্যের বিশেষ শাটল বাস সেবা চালু করেছে মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ। এ সেবার মাধ্যমে নবী কারিম (সা.)-এর মসজিদ ও ঐতিহাসিক কুবা মসজিদে যাতায়াত আরও স্বচ্ছন্দ হবে বলে আশা করা হচ্ছে।

মদিনা বাসেস পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের আওতায় রমজান মাসজুড়ে এই বিশেষ শাটল বাস সেবা চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো রমজানে বাড়তি মুসল্লি ও উমরাযাত্রীদের চাপ সামাল দেওয়া এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করা।

শাটল সেবার আওতায় দু’টি আলাদা রুট চালু করা হয়েছে। প্রথম রুটটি শহরের বিভিন্ন আবাসিক ও পরিবহন কেন্দ্রকে সংযুক্ত করবে মসজিদে নববির সঙ্গে। এই রুটে কিং ফাহদ স্কিম, হারামাইন হাইস্পিড রেলওয়ে স্টেশন, শাথা, আল-খালিদিয়া ও সাইয়্যিদ আশ-শুহাদা এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

দ্বিতীয় রুটটি বিশেষভাবে কুবা মসজিদমুখী মুসল্লিদের জন্য নির্ধারিত। এই রুটে আল-আলিয়া এলাকা থেকে সরাসরি কুবা মসজিদ পর্যন্ত বাস চলাচল করবে।

মদিনা বাস কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নির্ধারিত স্টপেজে এই শাটল বাসগুলো থামবে। এতে মুসল্লিরা সহজেই বাসে উঠতে ও নামতে পারবেন। পুরো রমজান মাসজুড়ে নিয়মিত সময়সূচি অনুযায়ী সেবা চালু থাকবে।

কর্তৃপক্ষের আশা, বিনামূল্যের এই শাটল বাস সেবা চালুর ফলে রমজান মাসে মদিনায় যানজট উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে হজ ও উমরাযাত্রীসহ স্থানীয় মুসল্লিরা একটি নির্ভরযোগ্য ও স্বস্তিদায়ক পরিবহন সুবিধা পাবেন।

রমজানের ব্যস্ত সময়েও যেন মুসল্লিরা নির্বিঘ্নে ইবাদতে মনোনিবেশ করতে পারেন সেই লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ।

এসএস/টিএ

মন্তব্য করুন