জন্মহার বাড়াতে নারী আমদানির প্রস্তাবে বহিষ্কার হলেন দ.কোরিয়ার নেতা কিম হি-সু
ছবি: সংগৃহীত
১০:০৫ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
জন্মহার বাড়াতে ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘তরুণী আমদানির’ প্রস্তাব দিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার জিন্ডো কাউন্টির প্রধান কিম হি-সু। এই কুরুচিপূর্ণ মন্তব্যের দায়ে সোমবার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে একটি মিটিংয়ে এই প্রস্তাব দেন কিম হি-সু। কিম হি-সু বলেন, জন্মহার বাড়াতে দ.কোরিয়ার গ্রামীণ অঞ্চলের অবিবাহিত যুবকদের জন্য ‘ভিয়েতনাম বা শ্রীলংকা’ থেকে তরুণী আমদানি করা যেতে পারে। টেলিভিশনে এই বক্তব্য সম্প্র্রচারিত হওয়ার পরেই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
সমালোচকরা বলছেন, এ ধরনের মন্তব্য নারীদের মর্যাদাকে ক্ষুণ্ন করার পাশাপাশি তাদের ‘পণ্য’ হিসাবে উপস্থাপনের শামিল। কিম হি-সুর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সিউলে অবস্থিত ভিয়েতনাম দূতাবাস।
পরিস্থিতি বেগতিক দেখে কিম পরদিন প্রকাশ্যে ক্ষমা চান এবং নিজের ভাষাকে ‘অনুপযুক্ত’ বলে স্বীকার করেন। তবে তার ক্ষমাপ্রার্থনা ক্ষোভ কমাতে ব্যর্থ হয়েছে। দক্ষিণ কোরিয়ার নারী ও মানবাধিকারকর্মীরা সিউলের রাস্তায় বিক্ষোভ করার ঘোষণা করেছেন।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে জন্মহারে সামান্য উন্নতির আভাস মিললেও তা এখনো প্রতি নারীর বিপরীতে মাত্র ০.৮৫ শতাংশ। এভাবে চলতে থাকলে আগামী ৬০ বছরের মধ্যে দেশটির ৫ কোটি জনসংখ্যার অর্ধেক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় তরুণীরা কাজের খোঁজে শহরে চলে যাওয়ায় সেখানে চরম লিঙ্গবৈষম্য ও বিয়ে করার মতো তরুণীর সংকট দেখা দিয়েছে।
এসএস/টিএ