© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটে অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত তরুণরা: ডা. শফিকুর রহমান

শেয়ার করুন:
ভোটে অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত তরুণরা: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবার আর কোনো পরিবারের সরকার নয়, বরং জনগণের সরকার গঠন করা হবে। তিনি জানান, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে মানুষ ঘরে ফিরছে এবং ভোটের মাঠে যেকোনো অপতৎপরতা রুখে দিতে জুলাই আন্দোলনের তরুণরা সজাগ রয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী পরিবেশ পর্যালোচনা করতে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায় জোটের পক্ষে এলে দেশ তরুণদের হাতে তুলে দেয়া হবে। এ সময় তিনি দেশে ন্যায়বিচার নিশ্চিত করা এবং কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দেন। দেশবাসীকে 'হ্যাঁ' ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'হ্যাঁ' বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।

এর আগে বিকেলে অপর এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন যে, দেশের বিভিন্ন স্থানে তাদের নির্বাচনী এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়া, জামায়াত আমিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

কেএন/টিকে

মন্তব্য করুন