জামায়াত আমিরের সঙ্গে চাইনিজ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
০৪:৪০ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের বিশিষ্ট কূটনীতিক মি. চেন ওয়েই। তারা বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন। নির্বাচন পর্যবেক্ষক টিম বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের ধারাবাহিকতায় এসেছেন।
বৈঠককালে চীনা প্রতিনিধি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সরকার ও জনগণ ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে সক্ষম হবে। ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধাান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ ও আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
এমআর/এসএন