হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিষেক শর্মা
ছবি: সংগৃহীত
০৮:৫৬ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
পেটের পীড়াজনিত কারণে দুইদিন ধরে দিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন অভিষেক শর্মা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের আগে এই বিধ্বংসী ওপেনারের অসুস্থতা ভারতীয়দের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়াচ্ছিল। কিন্তু অবশেষে সুখবর দিলেন তিলক ভার্মা। ভারতীয় দলের এই তারকা জানিয়েছেন, বুধবার (১১ ফেব্রুয়ারি) চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন অভিষেক।
গত রোববার (৮ ফেব্রুয়ারি) ভারতীয় দল দিল্লিতে পৌঁছানোর পর পরীক্ষার জন্য অভিষেককে হাসপাতালে নেওয়া হয়েছিল।
তিলক বলেন, 'আমরা দিল্লিতে পৌঁছানোর পর সে স্ক্যান করাতে হাসপাতালে গিয়েছিল। আজ তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে ভালো আছে।'
তবে, নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি অভিষেক খেলতে পারবেন কি-না, তা এখনও নিশ্চিত নয়। তিলক বলেন, 'ম্যাচের আগে আমাদের আর একদিন সময় আছে। কাল সিদ্ধান্ত নেওয়া হবে। সে কেমন অনুভব করছে, তার ওপরই নির্ভর করবে।'
বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক গত ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে অসুস্থতা নিয়েই খেলেছিলেন। তবে, এই ওপেনিং ব্যাটার দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হন এবং প্রতিপক্ষের রানতাড়ায় আর ফিল্ডিংয়ে নামেননি।
আজ (১১ ফেব্রুয়ারি) অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের অনুশীলন সেশনেও ছিলেন না অভিষেক। ম্যাচের আগের দিনও তিনি দলের সঙ্গে ভ্রমণ করেননি। এমনকি সোমবার (৯ ফেব্রুয়ারি) কোচ গৌতম গম্ভীরের আয়োজিত টিম ডিনার থেকেও অসুস্থতার কারণে আগেভাগে বেরিয়ে যান।

যদি বাঁহাতি এই ব্যাটার সময়মতো সুস্থ না হন, তাহলে তার জায়গায় সঞ্জু স্যামসনকে খেলানোর সম্ভাবনা রয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে টিম ম্যানেজমেন্ট অভিষেককে তাড়াহুড়ো করে একাদশে ফেরানোর ব্যাপারে সতর্ক থাকবে।
তবে, ভারতের সাবেক উইকেটকিপার-ব্যাটার পার্থিব প্যাটেল অবশ্য ভিন্ন পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ওয়াশিংটন সুন্দরকে ওপেনিংয়ে খেলানো যেতে পারে, কারণ সেখানে বাড়তি একজন স্পিনার খেলানোর প্রয়োজন হতে পারে।
পার্থিব স্টার স্পোর্টসকে বলেন, 'আপনি যখন কলম্বোর (পাকিস্তানের বিপক্ষে) ম্যাচের জন্য একাদশ প্রস্তুত করার কথা ভাবছেন, যেখানে বল কিছুটা ঘুরবে এবং থামবে, তখন সঞ্জু স্যামসনের বদলে কেন ওয়াশিংটন সুন্দরকে ওপেনিংয়ে চেষ্টা করবেন না? যদি অভিষেক পাকিস্তান ম্যাচের আগে ফিট না হয়, তাহলে আপনার হাতে একজন আক্রমণাত্মক ওপেনার এবং একজন স্পিনার- দুটোই থাকবে, যা পাকিস্তানের বিপক্ষে কাজে লাগতে পারে।'
মুম্বাইয়ে প্রথম ম্যাচ মিস করার পর সুন্দর দিল্লিতে এসে দলে যোগ দেন। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে ছিটকে দিয়েছিল পাঁজরের চোট। টিম ম্যানেজমেন্ট তাকে সেরে ওঠার জন্য যথেষ্ট সময় দিয়েছে।
মঙ্গলবার বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে সুন্দর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অনুশীলন করেন। বল হাতে নিয়ন্ত্রিত স্পেল এবং পরে ব্যাট হাতে কয়েকটি জোরালো শট মেরে বল স্ট্যান্ডে পাঠিয়ে নিজের শক্তির ঝলক দেখান তিনি।
এসকে/এসএন