ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আইসিসি-পিসিবির ‘গোপন সমঝোতা’
ছবি: সংগৃহীত
০৯:৩৫ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ শেষ পর্যন্ত ফিরেছে সূচিতে। তবে এ সিদ্ধান্তের পেছনে পর্দার আড়ালে কী ঘটেছে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট অঙ্গনে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কিছু ‘ছাড়’ দেয়ার আশ্বাস দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যার পরই ভারত ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসে পাকিস্তান।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, আইসিসি ও পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতে এসব ছাড়ের বিষয়ে সরাসরি কিছু উল্লেখ করা হয়নি। তবে পিসিবির একটি সূত্র জানিয়েছে, ‘বয়কট প্রত্যাহারের বিনিময়ে আইসিসির কাছ থেকে যে সুবিধাগুলো পাওয়া গেছে, সেগুলোর বিস্তারিত কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রকাশ করা হবে।’
গত সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আইসিসির এক বিজ্ঞপ্তিতে মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রসঙ্গই গুরুত্ব পায়। সেখানে জানানো হয়, বিশ্বকাপে অংশ না নেয়ার কারণে বিসিবির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না এবং ২০২৮-২০৩১ চক্রে একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের অধিকার পাবে বাংলাদেশ- সম্ভাব্যভাবে অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ।

অন্যদিকে পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়, অন্যান্য সদস্য দেশের ধারাবাহিক অনুরোধ এবং শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের মধ্যে টেলিফোন আলাপের পরই বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে ইসলামাবাদ।
তবে আইসিসি ও পিসিবির মধ্যকার সম্ভাব্য সমঝোতার শর্তগুলো কী- তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ক্রিকেটবিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দু, শেষ পর্যন্ত কী ধরনের সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ এবং সেটি ভবিষ্যতের আন্তর্জাতিক সূচিতে কতটা প্রভাব ফেলবে।
এসকে/এসএন