কেন্দ্রে ধানের শীষের পরিচয়পত্র নিয়ে এজেন্টরা, অভিযোগ এনসিপি প্রার্থীর
ছবি: সংগৃহীত
০৯:৫৯ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টরা ধানের শীষ প্রতীক ও তারেক রহমানের ছবিসম্বলিত পরিচয়পত্র গলায় ঝুলিয়ে বুথে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকা-১৮ আসনের এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।
আরিফুল ইসলাম বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বুথে সব দলের পোলিং এজেন্ট থাকার কথা। কিন্তু কেউ কোনো দলীয় পরিচয়পত্র প্রদর্শন করে ভোটারদের প্রভাবিত করতে পারবেন না। আমি চার-পাঁচটি বুথ ঘুরে দেখেছি, বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের এজেন্টরা ধানের শীষ প্রতীক ও তারেক রহমানের ছবিসম্বলিত দলীয় কার্ড গলায় ঝুলিয়ে বসে আছেন। এতে সাধারণ ভোটাররা মানসিকভাবে প্রভাবিত হচ্ছেন।’
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রিসাইডিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে এবং তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
কেন্দ্রের বাইরের পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও ভেতরে কিছু অনিয়ম হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, ‘অনেক ভোটার অভিযোগ করেছেন যে, সরকারি ওয়েবসাইটে তাদের ভোটার নম্বর থাকলেও হাতে পাওয়া প্রিন্ট করা স্লিপের সঙ্গে তা মিলছে না, ফলে তারা বিড়ম্বনায় পড়ছেন।’
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক মহলের ব্যাপক আগ্রহ দেখা গেছে। ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জনসহ কমনওয়েলথ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মোট ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। বিবিসি, আল-জাজিরা, রয়টার্স ও এপির মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমের ১৫০ জন সাংবাদিক নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত আছেন।
এসএস/টিএ