কেন্দ্রে তালিকার গড়মিল, ভোটারদের ভোগান্তির অভিযোগ ববি হাজ্জাজের
ছবি: সংগৃহীত
১০:১৭ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটের লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত ভোট না দিয়েই অনেককে ফিরতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ।
তার দাবি- প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকার সঙ্গে পোলিং এজেন্টদের কাছে থাকা তালিকার গরমিল থাকায় অনেক ভোটার নাম খুঁজে পাচ্ছেন না। এতে ভোটারদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে ববি হাজ্জাজ এসব অভিযোগ করেন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ থেকে প্রাপ্ত ভোটার তথ্যের সঙ্গে কেন্দ্রের পোলিং অফিসারদের খাতার মিল পাওয়া যাচ্ছে না। এমনকি তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা প্রিন্টকৃত তালিকার সঙ্গেও অমিল দেখা যাচ্ছে।’
ববি হাজ্জাজ জানান, এর আগে তিনি সাতটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং প্রায় প্রতিটি কেন্দ্রেই এমন অসংগতি পাওয়া গেছে। একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এক কেন্দ্রে দীর্ঘ সময় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে নাম, জন্মতারিখ ও ঠিকানা দিয়ে পুনরায় খুঁজে বের করার পর ভোটারের নাম পাওয়া গেছে। তবে অনেক ভোটার দীর্ঘ সময় অপেক্ষা না করে ফিরে গেছেন বলেও দাবি করেন তিনি।
ভোটার তালিকার এই গরমিল নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ববি হাজ্জাজ। তিনি রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানান, যেখানে তালিকায় অমিল দেখা যাবে সেখানে যেন প্রিজাইডিং অফিসাররা সময় নিয়ে ভোটারকে সহায়তা করেন, এ মর্মে যেন স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।
তবে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এই প্রার্থী। তিনি বলেন, গত রাতে কয়েকটি কেন্দ্রে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলেও আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনী তা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। কারা এই চেষ্টা করেছে, তা তদন্তের দাবি জানান তিনি।
সুষ্ঠু ভোট হলে ফল মেনে নেওয়ার বিষয়ে ববি হাজ্জাজ বলেন, ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে গণতান্ত্রিকভাবে ফল মেনে নেওয়াই সবার দায়িত্ব। এখন পর্যন্ত কেন্দ্র দখল বা সহিংসতার মতো পরিস্থিতি দেখা না গেলেও ভোটার ডেটাবেজের গরমিল নিয়ে নিজের শঙ্কার কথা জানান তিনি।
আরআই/টিকে