© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোটগ্রহণে ধীরগতি নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি মনোনীত প্রার্থী রবিন

শেয়ার করুন:
ভোটগ্রহণে ধীরগতি নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি মনোনীত প্রার্থী রবিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৯ এএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটগ্রহণে ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ (রবিন)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন প্রশ্ন তুলেন।

রবিন বলেন, আজ সমগ্র জাতি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভোট দিচ্ছে।

তিনি বলেন, কেন্দ্রে প্রবেশের সময় কয়েকজন ভোটার জানিয়েছেন ভোটগ্রহণ কিছুটা ধীরগতিতে শুরু হয়েছে এবং অনেকে প্রায় এক ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছেন। বিষয়টি নিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। দ্রুত ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছি।

রবিন বলেন, এর আগে তিনি তার ৬৯ নম্বর ওয়ার্ডের বাকচোর কেন্দ্রেও গিয়েছিলেন। সেখানে তিনি ভোটারদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেছেন। মানুষ উচ্ছ্বাসের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন।

অন্য কেন্দ্রগুলোর পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দলীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন যে এজেন্টরা কেন্দ্রে প্রবেশ করেছেন এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না বলে তিনি মনে করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নির্বাচনের প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে সারা দেশেই ১৭ বছর পর উৎসবের আমেজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন।

অনেকেই ফজর নামাজ পড়ে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

প্রিসাইডিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, প্রার্থীদের এজেন্ট সঠিক সময়ে আসে নাই। তারা সাড়ে ৭টার দিকে অনেকে এসেছেন। এ জন্য আমাদের ব্যালেটবক্স খোলাসহ না সবকিছু দেরিতে শুরু করতে হয়েছে। পৌনে ৮টার দিকে ভোটগ্রহণ শুরু করেছি। ভোটগ্রহণ বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। এ ছাড়া অনেক ভুল করে পাশের কেন্দ্র থেকে এখানে চলে আসছে। এ জন্য লাইন দীর্ঘ হচ্ছে।

তিনি আরও বলেন, ভোটের পরিবেশ ভালোই আছে। তবে ভোটারদের আগমন খুবই কম। সকাল ৯টা পর্যন্ত ৬০ জন ভোট দিয়েছে। এই কেন্দ্র মোট ভোটার ৩৫৮৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৯৮০ জন ও মহিলা ভোটার ১৬০৮ জন।

এমকে/টিকে

মন্তব্য করুন