ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করলেন প্রবীণ অভিনেতা আবুল হায়াত
ছবি: সংগৃহীত
১২:২৯ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীসহ সারা দেশে চলছে উৎসবের আমেজ। সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে শান্ত পরিবেশ। এই নির্বাচনে অংশ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও।
ঢাকা-৮ আসনভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন প্রবীণ অভিনেতা ও প্রকৌশলী আবুল হায়াত। তিনি বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার কিছু আগে ভোট দিয়েছেন। ভোট দেয়ার পর তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো ও সুন্দর। কোনও অসুবিধা বা বিশৃঙ্খলা দেখিনি। তিনি আশা প্রকাশ করে বলেন, যোগ্য প্রার্থীরা জয়ী হোক। জেনুইন একটা পার্টি সরকার পরিচালনায় এলে অনেক কিছুই ঠিক হবে।

এদিকে ১৭ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা গেছে। অনেকেই ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। উল্লেখ্য, শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
পিআর/টিকে