আজ ‘টাইটানিকের রোজ’ খ্যাত কেট উইন্সলেটের জন্মদিন
ছবি: সংগৃহীত
০৬:৪৮ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
বিশ্বজুড়ে জনপ্রিয় ‘টাইটানিকের রোজ’খ্যাত অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেটের জন্মদিন আজ। ১৯৭৫ সালের এই দিনে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করে বিশ্ব চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।
মাত্র ১৫ বছর বয়সে টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন কেট উইন্সলেট। ‘হেভেনলি ক্রিচার্স’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’ ছবিতে অভিনয়ের জন্য বাফটা পুরস্কার অর্জন করেন তিনি।

তবে বিশ্বজুড়ে তারকাখ্যাতি আসে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ সিনেমায় রোজ চরিত্রে অভিনয়ের পর। ছবিটির অভাবনীয় সাফল্য তাকে রাতারাতি আন্তর্জাতিক তারকায় পরিণত করে। এরপর বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দেন তিনি।
‘দ্য রিডার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন কেট। পাশাপাশি বাফটা, গোল্ডেন গ্লোব ও প্রাইমটাইম এমিসহ পেয়েছেন বহু মর্যাদাপূর্ণ পুরস্কার।
‘মিলড্রেড পিয়ার্স’ ও ‘মেয়ার অব ইস্টটাউন’ ধারাবাহিকে অভিনয়ের জন্য দুটি প্রাইমটাইম এমি পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি অডিওবুকেও কাজ করেছেন তিনি এবং পেয়েছেন গ্র্যামি পুরস্কার।
শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন কেট উইন্সলেট। অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতেও কাজ করছেন তিনি। গোল্ডেন হ্যাট ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা হিসেবে এই বিষয়ে জনসচেতনতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী।
‘টাইটানিকের রোজ’ থেকে অস্কারজয়ী অভিনেত্রী- দীর্ঘ ক্যারিয়ারে কেট উইন্সলেট নিজেকে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সফল ও সম্মানিত তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় আবারও আলোচনায় এসেছেন প্রিয় এই অভিনেত্রী।
এসএ/টিএ