© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথমবার ভোট দিচ্ছেন যেসব তারকারা

শেয়ার করুন:
প্রথমবার ভোট দিচ্ছেন যেসব তারকারা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০০ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ক্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সাধারণ জনগণের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও বেশ উচ্ছ্বসিত। এমনকি এবারই প্রথমবার জীবনের প্রথম ভোট দেবেন অনেক তারকা। এর মধ্যে রয়েছে খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, জান্নাতুল ঐশী, সাদিয়া আয়মান, তাসরিফ খান, মাহতিম শাকিব এই ছয় তারকা।

ময়মনসিংহের ভোটার অভিনেতা খায়রুল বাসার। নির্বাচন নিয়ে তার প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার চাওয়া, নেতাদের মধ্যে কাদা–ছোড়াছুড়ি বন্ধ হোক, তাদের চালচলন সভ্য হোক, তাদের আচরণ দেখে যেন স্বস্তি পাই। নির্বাচিত নেতাদের কাছ থেকে আমরা যেন শিখতে পারি। অতীতের কালচার যদি আবার ফিরে আসে, মানুষ যদি অস্বস্তিতে থাকে, তাহলে কোনো পরিবর্তনই আসবে না।’

সমালোচনা নয়, নির্বাচিত প্রতিনিধিরা দেশ ও জনগণের কথা ভাববে সেটাই আশা করেন খায়রুল বাসার।

অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল ঢাকার ভোটার। এই প্রথমবার ভোট দিচ্ছেন তিনি। প্রথমবার ভোট দেয়া নিয়ে তিনি বলেন, ‘এর আগে ভোট দেয়নি। সত্যি বলতে, আমি রাজনীতির এত কিছু বুঝি না। তবে দেশের একটি গণমাধ্যমটা ভালো থাকুক, সেটা চাই।’

দেশের প্রতিটি মানুষই যেনো স্বস্তি ও শান্তি নিয়ে নিশ্চিন্তে থাকতে পারে নতুন সরকারের কাছে সেটিই প্রত্যাশা করেন তরুণ প্রজন্মের এই অভিনেত্রী।



চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর বাড়ি পিরোজপুরে হলেও তিনি ঢাকার ভোটার। নতুন সরকারের কাছে নিজের প্রত্যাশার কথা জানিয়ে ঐশী বলেন, ‘একটা নির্বাচিত সরকারের কাছে আমাদের বহু প্রত্যাশা নেই। আমাদের স্বস্তি দরকার। শান্তি দরকার। ভালো কর্মপরিবেশ দরকার। এগুলোই আমার চাওয়া।’

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান বরিশাল এলাকার ভোটার। নির্বাচন ঘিরে তার প্রত্যাশার কথা জানিয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক হয়। আমার মনে হয়, সব মানুষ এ প্রত্যাশাই করবে। দিন শেষে আমরা তো মানুষ। সবাই যেন নিরাপদে থাকে এই প্রত্যাশা।

দেশের সামাজিক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সবসময় সরব থাকেন সংগীতশিল্পী তাসরিফ খান। জীবনের প্রথম ভোট নিয়ে তিনি বলেন, ‘সুন্দর একটা ভোট হোক, সেখানে জীবনের প্রথম ভোটটা দিতে চাই। ভোট নিয়ে প্রত্যাশার কথা বলতে গেলে আমার একটি ভয় হয়, ভোট সুষ্ঠু হবে তো? আর হলেও ফলাফল মানবে তো।

তিনি আরো বলেন, যে দলই ক্ষমতায় আসুক, তারা যেন ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। বৈষম্য যেন দূর করে। দখলদারত্বের রাজনীতি চাই না। যে ন্যায়ভিত্তিক সমাজের প্রত্যাশা আমাদের ছিল, এবার নির্বাচনের মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠা পাবে আশা করছি।

সংগীতশিল্পী মাহতিম শাকিব ঢাকার ভোটার। দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সবার মধ্যে একটা অশান্তি কাজ করছে। একটু শান্তি চাই।’

শোবিজ অঙ্গনের তারকাসহ দেশের সর্বস্তরের জনগণই নতুন সরকারের কাছে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল দেশের আশায় বুক বাঁধছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন